উত্তপ্ত বালুরঘাট কলেজ। ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ও তর্কবিতর্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বালুরঘাট কলেজে যান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত সভাপতি সৃঞ্জয় স্যান্যাল। তিনি কলেজে পৌঁছাতেই বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত একাধিক ছাত্র নেতা ক্ষোভ প্রকাশ করেন।
কলেজ প্রাঙ্গণে খুলে ফেলা হয় সৃঞ্জয় স্যান্যালের নাম লেখা ফ্লেক্সও। ঘটনায় বিব্রত হন নবনিযুক্ত জেলা সভাপতি।বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার অভিযোগ করেন, জেলা সভাপতি আসার বিষয়ে তাঁদের অগ্রিম জানানো হয়নি। পরে জেলা সভাপতি সৃঞ্জয় স্যান্যাল কলেজ চত্বরে কলেজ ইউনিট সভাপতি পরিতোষ শীলের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিতোষ শীল জানান, জেলা সভাপতি আসার খবর অনেকেই জানতেন না। তবে ফ্লেক্স লাগানো বা খোলাকে কেন্দ্র করে বড় কোনও গণ্ডগোল ঘটেনি। জেলা সভাপতি সৃঞ্জয় স্যান্যাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘বাংলার ডিজিটাল যোদ্ধা’ প্রচারের অংশ হিসেবে তিনটি কলেজে যাওয়ার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী এদিন তিনি বালুরঘাট কলেজে যান। তাঁর দাবি, নিজেদের মধ্যে শুধু সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়।তিনি আরও বলেন, বিরোধীরা অনেকে বিতর্ক তৈরি করতে চাইছে। আমি দলের স্বার্থে কাজ করেছি। ফ্লেক্স খোলার ঘটনায় যারা যুক্ত, তারা সম্ভবত বিরোধী দলের সমর্থক।















