সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পরিবেশ রক্ষা ও সরকারি রাজস্ব সুরক্ষার লক্ষ্যে একাধিক জায়গায় নাকা চেকিংও জোরদার করা হয়েছে। সেই তৎপরতার ফলেই বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্য ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জামবনি ব্লকের পড়াডিহা এলাকায়। এই ঘটনায় দুই চালককে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
তল্লাশি চালিয়ে দেখা যায়, আটক ট্রাক্টর দু’টির কাছে বালি তোলার কোনও বৈধ অনুমতিপত্র বা চালান(সিও) ছিল না। এরপরই ট্রাক্টর দু’টি বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই চালককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম যগেন বেহারা ও চন্দন বেহারা। পুলিশ জানিয়েছে, তাঁদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বহড়াগোড়া থানার অন্তর্গত মোথাবেড়া গ্রামে। বৃহস্পতিবার ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামবনি থানার পুলিশ।














