কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ইস্কো বাইপাস রোডের বেজডি এলাকায় একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে গ্রাহকদের গাড়িতে তেল কম দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার এক যুবক তার মোটরবাইকে ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরান। এরপর তিনি অভিযোগ করেন, তেল ভরার পর তার গাড়ির মাইলেজ হঠাৎ করেই কমে গেছে।
এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ তোলেন। ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং পেট্রোল পাম্পের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দাও পাম্পটির বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ তুলেছেন। যদিও পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। তবে তারা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বলে জানা গেছে।














