আসন্ন নির্বাচনকে সামনে রেখে জঙ্গলমহলে কুর্মি ভোটব্যাঙ্ক নিজেদের অনুকূলে রাখতে বড় পদক্ষেপ নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কুলটিকরি এসসি হাই স্কুল মাঠের এক বিশাল জনসভা থেকে তিনি কুর্মি সমাজের আবেগ এবং তাঁদের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে জোরালো সওয়াল করেন।
এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানান বিরোধীদের দিকে। বিশেষ করে গোপীবল্লভপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোকে লক্ষ্য করে তিনি বলেন, ‘কুর্মি সমাজের সত্যিকারের দাবি তৃণমূলের কাছেই সুরক্ষিত, কোনো সুযোগসন্ধানী নেতার কাছে নয়।’ তিনি আরও বলেন, যারা এতদিন এলাকার মানুষের আবেগ নিয়ে ‘অরাজনৈতিক’ আন্দোলনের কথা বলতেন, আজ তাঁরাই নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে বিজেপির শরণাপন্ন হয়েছেন।
কুর্মিদের জাতিসত্তা এবং ভাষার দাবি নিয়ে রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করে অভিষেক জানান, কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলভুক্ত করা এবং কুর্মিদের জাতিসত্তার স্বীকৃতির বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় সুপারিশ কেন্দ্রের কাছে পাঠিয়েছে। কেন্দ্রের গড়িমসি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে এই দাবি পূরণে বদ্ধপরিকর, তা তিনি এদিন পুনরায় মনে করিয়ে দেন।
গোপীবল্লভপুর কেন্দ্রের দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে আয়োজিত এই জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বক্তব্যের শুরুতে কুর্মি ভাবাবেগকে স্পর্শ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন যে, জঙ্গলমহলের উন্নয়ন এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। রাজনৈতিক মহলের মতে, কুর্মি আন্দোলনের অন্যতম মুখ রাজেশ মাহাতো বিজেপির টিকিটে লড়ায় যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুর্মি তাস খেললেন।














