পদ্ম পাকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না।’ পুরুলিয়ার মানবাজার বিধানসভায় তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডুর সমর্থনে কুড়ুকতুপা মোড়ের জনসভায় এভাবেই বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস আপনারা মমতাদির হাত ছাড়বেন না। আমার মা-বোনেরা, দাদা-ভাইয়েরা গদ্দার নন, মীরজাফর নন, শুভেন্দু অধিকারী নন। তাঁদের শিরদাঁড়া এখনো সোজা আছে। তাঁরা জানেন, দিদি ছাড়া গতি নেই।’ একই দিনে মানবাজারে বিরোধী দলের সভা থাকলেও তার আগে সায়নী ঘোষের আক্রমণাত্মক বক্তব্যে তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। তিনি আরও বলেন, ‘এই বাংলার মাটি, জল, হাওয়া—কোনো কিছুর সঙ্গেই বিজেপি খাপ খাওয়াতে পারছে না। কারণ তারা বাংলাকে, বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে ঘৃণা করে।’
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আগামী দিনে বাংলার মেয়েরা গোটা দেশ চালাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, নরেন্দ্র মোদির মাটি নয়। পদ্ম পাকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না। জোড়া ফুল, ঘাসফুল সব জায়গায় ফোটে।’
তৃণমূলের ব্যাখ্যা দিতে গিয়ে সায়নী ঘোষ বলেন, ‘তৃণমূল মানে টিএমসি—টি ফর টেম্পল, এম ফর মসজিদ, সি ফর চার্চ। মন্দির, মসজিদ, গির্জা—সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা। আমাদের জেতার জন্য ভগবান রামকে টেনে আনতে হয় না, ‘জয় শ্রীরাম’ বলে মানুষকে ভয় দেখাতে হয় না।’














