Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কমিশনকে আক্রমণ মমতার ‘রাজ্যে চলছে রাষ্ট্রপতি শাসন’

কমিশনকে আক্রমণ মমতার ‘রাজ্যে চলছে রাষ্ট্রপতি শাসন’

মুর্শিদাবাদে ভোটপ্রচারের ময়দান থেকে সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাগরদিঘির ধূমার পাহাড় মাঠে বায়রন বিশ্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি অভিযোগ করেন, রাজ্যে এখন কার্যত ‘রাষ্ট্রপতি শাসন’ চলছে।

 

তৃণমূল সুপ্রিমোর দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা এখন আর সরকারের হাতে নেই, সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে কমিশন নিজের নিয়ন্ত্রণে রেখেছে। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে মালদা ও মুর্শিদাবাদে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এর নেপথ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র দেখছেন তিনি। উপস্থিত জনতার উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কাউকে বের করতে দেব না।’ তবে একইসঙ্গে সতর্ক করে বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে ওঁরা জেলে পুরবে।’

 

এদিন কারোর নাম না নিলেও আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘দিল্লি থেকে টাকা খেয়ে কোনও কোনও গদ্দার নির্বাচনের আগে মন্দির মসজিদের রাজনীতি করছে। হায়দরাবাদ থেকে নেতা নিয়ে এসেছে।’ এই পরিস্থিতিকে বড় ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করে তিনি জানান, ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। মমতা স্পষ্ট অভিযোগ করেন, ‘ইলেকশন বাতিল করার পরিকল্পনা চলছে। সেই প্ল্যানে বিজেপির সাথে কংগ্রেস আছে।’

 

মসজিদ নির্মাণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘যেখানে ভেঙেছিল মসজিদ সেখানে করে আসুন। এখানে রাজ্যের বদনাম চলছে।’ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে তিনি হিন্দু-মুসলিম ঐক্য বজায় রাখার আহ্বান জানান। মমতা বলেন, ‘সব প্রকল্প বন্ধ করে দেবে। বিজেপি সব কেড়ে নেবে। হিন্দু মুসলমান জোট বাঁধুন। কোনও কমিউন্যাল কথা সমর্থন করি না আমি।’ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমার হাত থেকে সব কেড়ে নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে দেওয়া হচ্ছে।

 

মুখ্য সচিব কিছু জানায় না।’ মালদার সাম্প্রতিক ঘটনা নিয়ে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, ‘একটা ঘটনা আপনারা বানাবেন আর বদনাম হবে রাজ্যের।’ সাগরদিঘির পর সুতির ছাপঘাটি মাঠে ইমানি বিশ্বাসের সমর্থনেও সভা করেন মমতা। সেখানে নিজের উন্নয়নের খতিয়ান তুলে ধরে জানান, নদী বন্দরের পরিকল্পনা এবং ১০০০ কোটি টাকার ভাঙন রোধের কাজ করেছে তাঁর সরকার। সর্বশেষে আমজনতাকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘মাথার উপর আমি আছি। আমাকে ভরসা করুন।’ বিজেপির হামলা রুখতে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি।

READ MORE.....