কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মায়ের ভোগ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। মাটিতে বসে ভোগের বাসন্তি পোলাও, মাছের মাথা, মাছ ভাজা খান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগেশ্বর বাবা সম্পর্কে জানান, একজন সন্ত নিজের মত প্রকাশ করেছেন। যাঁদের গ্রহণ করার করবে, না করার করবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে জবার মালা, লাল বেনারসি শাড়ি দিয়ে মায়ের পুজো দেন মুখ্য়মন্ত্রী। মা কালীর পা ধুয়ে দিয়ে অঞ্জলি দেন তিনি। তারপর আরতিও করেন। পুজো শেষে মন্দিরেই মাটিতে বসে ভোগ খান মুখ্যমন্ত্রী। সেই ভোগের মেনুতেই ছিল চমক। শুভেন্দুর পাতে ছিল মাছের মুড়ো, মাছ ভাজা এবং বাসন্তি পোলাও। ভোগ গ্রহণ করার পর মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মা যেন শক্তি দেন, দেশবিরোধী শক্তিকে যেন রাজ্য থেকে পরিষ্কার করতে পারি।” আমিষ নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “একজন সন্ত বাবা নিজের মতামত প্রকাশ করেছেন। যার গ্রহণ করার করবে, না করার করবে না। আমি নিজে অষ্টমীর দিন সাত্বিক আহার খাই। কার্তিক মাসেও সাত্বিক আহার গ্রহণ করি। আবার মায়ের মাছের ভোগও গ্রহণ করি। পাঠা বলির প্রসাদও গ্রহণ করি। আজ দুপুরে মন্দিরে যা ভোগ দেওয়া হয়েছিল, মাছের মাথা, মাছ ভাজা ছিল, বাসন্তি পোলাও খেয়েছি। সনাতন সংস্কৃতি জাগ্রত থাকবে। গেরুয়া ধ্বজ সবসময় উপরে থাকবে। কখনও নিচে নামবে না।”














