নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং ভোটাধিকার রক্ষার স্লোগানকে সামনে রেখে রবিবার দিল্লিতে বড়সড় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হতে চলেছে ইন্ডিয়া জোট। দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এই সভায় যোগ দিতে ইতিমধ্যেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে দিল্লির পথে রওনা দিয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। শনিবার হাওড়া স্টেশনে দেখা গেল সেই রাজনৈতিক তৎপরতার ছবি।
বিকেলে রাজধানী এক্সপ্রেসে চেপে একদল কংগ্রেস কর্মী দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। শিয়ালদা রাজধানী এক্সপ্রেসেও কর্মীরা রাজধানীর পথে পাড়ি দিয়েছেন। এর আগে সকালে পূর্বা এক্সপ্রেসেও বহু কংগ্রেস কর্মী দিল্লি পৌঁছনোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই প্রতিবাদ সভায় পশ্চিমবঙ্গ থেকে অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক অংশ নেবেন। তাঁদের বক্তব্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
ভোট চুরির অভিযোগ তুলে তাঁরা দাবি করেছেন, এর ফলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোটাধিকার ও নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরেও মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি কংগ্রেসের। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে সরব হয়েছেন দলীয় কর্মীরা। রবিবারের সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ গড়ে তোলার বার্তা দিতে চাইছে ইন্ডিয়া জোট। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া কর্মীদের মুখে তাই একটাই স্লোগান—‘ভোট চোর, গদি ছোড়’।














