বিহারে দাঁড়িয়ে ৩৭০ ধারার সুফল বোঝাতে গিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, একটা সময় কাশ্মীরের স্থানীয় শিশুরা অস্ত্র তুলে নিত। আজ সেই কাশ্মীরবাসী নিজেদের ভারতের অঙ্গ হিসাবে দেখা শুরু করেছে। এটাই মোদি সরকারের সাফল্য। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, একেবারে সঠিক সময়ে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো হবে।
বিহারের ভোটপ্রচারে গিয়ে শাহ দাবি করলেন, “কাশ্মীরে ১৯৯০-এর দশক থেকেই বিচ্ছিন্নতাবাদ তীব্র আকার ধারণ করেছিল। আগে পাকিস্তানের সীমান্তের ওপার থেকে জঙ্গি পাঠানোর প্রয়োজন পড়ত না। আমাদের শিশুদের হাতেই ওরা অস্ত্র তুলে দিত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন উপত্যকার মানুষে নিজেদের ভারতের অংশ, এবং ভারতকে নিজেদের দেশ বলে মনে করেন।” শাহের দাবি, কাশ্মীরে গত ৯ মাসে একজনও স্থানীয় জঙ্গি ধরা পড়েনি। যা কিনা বিরাট গুণগত পরিবর্তন।















