পরিবারের বাড়িতে হামলার অভিযোগ তুলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোরের একটি ঘটনার সিসিটিভি ছবি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করে তিনি দাবি করেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর বাড়ি লক্ষ্য করে বারবার বড় পাথর ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনায় দোতলার জানালার কাচ ভেঙে গিয়েছে বলেও তাঁর অভিযোগ। ঘটনার সঙ্গে বিজেপির নাম জড়িয়ে অভিষেক এক্সে লেখেন, “বাংলায় বিজেপির গুন্ডারাজের অধীনে হিংসা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আজ ভোররাতে এক ব্যক্তি আমার পরিবারের বাড়ির বাইরে এসে বাইক থামিয়ে বারবার বড় পাথর ছুড়েছে।
এর ফলে দোতলার জানালাগুলি ভেঙে গিয়েছে।” শুধু হামলার অভিযোগেই তিনি থামেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন। তাঁর পোস্টে লেখা, “এটি শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, হিংসার বিপজ্জনক প্রাতিষ্ঠানিকীকরণ। পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে ওই ব্যক্তি এমন হামলা চালিয়ে পালিয়ে যেতে পারল?” রাজনৈতিক মহলের মতে, এমন অভিযোগ এমন এক সময়ে সামনে এল, যখন ডিজে-সংক্রান্ত মামলার তদন্ত ঘিরে অভিষেককে নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে।
সেই আবহে তাঁর এই অভিযোগ রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও অভিষেকের অভিযোগের বিষয়ে বুধবার রাত পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগের সত্যতা এবং ঘটনার নেপথ্য কারণ জানতে তদন্তের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনিক সূত্রের।














