দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের খাগড়াকুড়ি মাঠে আসন্ন প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বর্তমানে সাজ সাজ রব। হাইভোল্টেজ এই সমাবেশকে সফল করতে দলীয় ও প্রশাসনিক স্তরে প্রস্তুতি এখন তুঙ্গে। সভাস্থল জুড়ে বিশাল মঞ্চ নির্মাণ, সাধারণ দর্শকদের বসার সুব্যবস্থা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জনসভাটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনিক ও দলীয় নেতৃত্বের মধ্যে নিবিড় সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে।
এই ব্যাপক প্রস্তুতির খতিয়ান নিতে বৃহস্পতিবার খাগড়াকুড়ি মাঠ পরিদর্শনে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি রঞ্জিত রায়, জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় ও অলোক চৌহান-সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। সুকান্ত মজুমদার স্বয়ং গোটা সভাস্থল ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি আয়োজক ও দলীয় কর্মীদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন, যেখানে জনসভার দিন শৃঙ্খলারক্ষা এবং ভিড় সামলানোর বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
বিশেষ নজর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার ওপর। প্রধানমন্ত্রীর আগমনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক পথ নির্ধারণের পাশাপাশি যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। হেলিকপ্টার নামার জন্য ট্রায়াল রানও সফলভাবে সম্পন্ন হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, মোদীর এই সভাকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এবং ঐতিহাসিক জনসমাগমের লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।















