বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিশুদের মানসিক স্বাস্থ্য এক চরম সংকটের মুখে দাঁড়িয়েছে। একসময় শৈশব মানেই ছিল খোলা মাঠে খেলাধুলা আর অবাধ সামাজিক মেলামেশা, কিন্তু আজ সেই জায়গা দখল করে নিয়েছে স্মার্টফোনের স্ক্রিন এবং তীব্র প্রতিযোগিতার ইঁদুর দৌড়। মনোবিজ্ঞানীদের মতে, শিশুদের এই মানসিক পরিবর্তনের মূলে রয়েছে পারিবারিক পরিবেশ, স্কুলের চাপ এবং অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
গবেষণায় দেখা গেছে, একটি শিশুর মানসিক বিকাশের ভিত্তি তৈরি হয় তার ঘর থেকে। কিন্তু আধুনিক জীবনযাত্রায় অভিভাবকরা অজান্তেই শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছেন।
পারিবারিক আচরণ: বাবা-মায়ের অতিরিক্ত শাসন, ক্রোধ বা অবহেলা শিশুর মনে ভয়ের সঞ্চার করে। যেসব শিশু ঘরে নিরাপদ বোধ করে না, তারা ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নেয়, যা পরবর্তীকালে গভীর উদ্বেগও আত্মবিশ্বাসের অভাবে রূপ নেয়।
শিক্ষাব্যবস্থার চাপ: স্কুল এখন কেবল শিক্ষার কেন্দ্র নয়, বরং নম্বরের লড়াইয়ে পরিণত হয়েছে। সহপাঠীদের সঙ্গে তুলনা এবং শিক্ষকদের কঠোর মনোভাব শিশুদের মনে ব্যর্থতার আতঙ্ক তৈরি করছে। ফলে পাঠ্যবহে মনোযোগ দেওয়ার চেয়ে তারা মানসিক চাপে বেশি জর্জরিত থাকছে।
ডিজিটাল মরণফাঁদ: সোশ্যাল মিডিয়ার কৃত্রিম চাকচিক্য শিশুদের মধ্যে হীনম্মন্যতা তৈরি করছে। ইন্টারনেটের নেতিবাচক মন্তব্য এবং ভুল তথ্য তাদের কাঁচা মনকে বিভ্রান্ত করছে, যা থেকে জন্ম নিচ্ছে বিষণ্ণতা।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের এই সংকট থেকে বাঁচাতে হলে সমাজ ও পরিবারকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ পরিবেশই পারে শিশুর মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে সহায়তা করতে।
শিশু যখন নিরাপদ এবং ভালোবাসার পরিবেশে থাকে, তখনই তার মস্তিষ্ক শেখার জন্য সবচেয়ে উপযুক্ত অবস্থায় থাকে। তাদের ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে, তিরস্কার নয়।
পরিসংখ্যান বলছে, যেসব শিশু প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটায়, তাদের মধ্যে সামাজিক দক্ষতার অভাব এবং খিটখিটে মেজাজ বেশি দেখা যায়। অন্যদিকে, যেসব পরিবারে খোলামেলা আলোচনার সুযোগ রয়েছে, সেইসব শিশুরা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় বেশি সক্ষম।
শিশুর মানসিক স্বাস্থ্য আজ আর কোনও অবহেলার বিষয় নয়, বরং এটি একটি জরুরি জাতীয় ইস্যু। মানসিকভাবে সুস্থ শিশুই আগামীর সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। তাই তাদের শৈশবকে স্ক্রিন আর প্রতিযোগিতার খাঁচা থেকে মুক্ত করে মুক্ত বাতাস ও সঠিক সাহচর্য দেওয়া আজ সময়ের দাবি। অভিভাবকদের সচেতনতা এবং স্কুলের সহায়ক পরিবেশই পারে শিশুদের আবার স্বাভাবিক হাসিতে ফিরিয়ে নিতে।













