অন্নপূর্ণা যোজনার আবেদন জমা দেওয়ার পর অনেকেই জানতে চাইছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে কি না, নথি যাচাই শেষ হয়েছে কি না কিংবা আর্থিক সহায়তা কবে মিলতে পারে। এই সমস্ত তথ্য জানার জন্যই আবেদনকারীদের ভরসা সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল। পোর্টালে ঢুকে খুব সহজেই আবেদনের বর্তমান অবস্থা দেখা যায়। প্রথমে ‘Citizen Login’ অথবা ‘Check Status’ অপশনে যেতে হবে।
এরপর আবেদন করার সময় দেওয়া নিবন্ধিত মোবাইল নম্বর লিখে ওটিপির মাধ্যমে লগ-ইন করতে হবে। তারপর ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে অনুসন্ধান করলেই আবেদনকারীর নাম, আবেদন নম্বর এবং স্ট্যাটাস দেখা যাবে। স্ট্যাটাসে ‘Verified’ বা ‘যাচাইকৃত’ লেখা থাকলে বুঝতে হবে, জমা দেওয়া নথির যাচাই সম্পূর্ণ হয়েছে। আর যদি ‘Payment Processed’ বা ‘পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন’ দেখা যায়, তাহলে ধরে নেওয়া যায় যে আর্থিক সহায়তার টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে।
তবে ‘Pending Verification’ বা ‘যাচাইয়ের অপেক্ষায়’ লেখা থাকলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর অর্থ, আবেদন ও নথিপত্র এখনও পরীক্ষা করা হচ্ছে। এই স্ট্যাটাস থাকলেই আবেদন বাতিল হয়েছে বা আর্থিক সহায়তা মিলবে না— এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। যাচাই সম্পূর্ণ হলে স্ট্যাটাস পরিবর্তিত হবে। সরকারি সূত্রের মতে, আবেদনকারীদের নির্দিষ্ট সময় অন্তর পোর্টালে লগ-ইন করে নিজেদের আবেদনের অগ্রগতি দেখে নেওয়া উচিত। কোনও নতুন নির্দেশ বা প্রয়োজনীয় আপডেট থাকলে সেখানেই তা জানা যাবে। ফলে অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালই এখন সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।














