শনিবার ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে ঝাড়গ্রাম শহরের সার্কাস ময়দানে নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সহ নির্বাচনী সভামঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গল সরেন, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অজিত মাহাতো, নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী দুলাল মুর্মু, বিনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন, তৃণমূল কংগ্রেসের নেতা ছাত্রধর মাহাতো, চুরামনি মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে হাজার-হাজার মানুষ এই সভায় সামিল হয়েছিলেন।
সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন, কেউটে, গোখরো সাপকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। এরা বহিরাগত এরা বাংলা বিরোধী, এরা বাংলার সর্বনাশ করবে। এসআইআর-এর কারণে ২৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এরা বাংলার ভালো চাইনি, বাংলা ভাষীদেরও ভালো চাইনি। তাই বিজেপির শাসিত রাজ্য গুলিতে বাংলার মানুষের উপর অত্যাচার করা হয়, বিজেপি শাসিত রাজ্য গুলিতে মাছ মাংস ডিম খেতে দেওয়া হয়না, কিন্তু মনে রাখতে হবে এটা বাংলা, এখানে সকল ধর্মের মানুষ বসবাস, আমরা সকলেই একসঙ্গে থাকি, যার যা ইচ্ছে সে সেটা খাবে।
বিজেপি নেতারা নিজেরাই গরুর মাংস খায়, আবার অপরকে মাংস মাছ ডিম খেতে বাধা দেয়। এটা হল ওদের চরিত্র বলে তিনি বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলার উন্নয়নের টাকা আটকে রেখেছে বাংলার বাড়ি, বাংলার রাস্তাঘাট, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। এখন বলছে এটা দেবো ওটা দেবো। তাই আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আশীর্বাদ করুন, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে রয়েছে, আগামীদিনেও থাকবে। বাংলার উন্নয়নকে আমরা স্তব্ধ হতে দেব না, বাংলার উন্নয়ন আগামী দিনে আরও এগিয়ে যাবে।















