বারাবনি বিধানসভা এলাকায় নির্বাচনী উত্তাপের মধ্যেই রবিবার যেন কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। তাঁর উপস্থিতিকে ঘিরেই খাসখুঠি মোড় থেকে কেলেজোড়া মোড় পর্যন্ত বিজেপির পথ মিছিল রূপ নিল এক বিশাল জনসমাবেশে। দলের প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে আয়োজিত এই মিছিলে মিঠুন চক্রবর্তীর আগমন ঘিরে সমর্থকদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা।
তাঁকে একঝলক দেখতে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত ছিলেন ‘মহাগুরু’-র মুহূর্তগুলি। মিছিলের আবহ ছিল উৎসবমুখর। মহিলা ঢাকিদের তালে তালে, ঢাক-ঢোলের শব্দে এগিয়েছে মিছিলের সারি।
শঙ্খধ্বনি ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সমর্থকদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় — ‘এই বার বিজেপির সরকার’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারকা উপস্থিতি নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা যে ভিড় টানতে বড় ভূমিকা নিয়েছে, তা এই মিছিলেই স্পষ্ট। ভোটের আগে বারাবনির এই চিত্র ইঙ্গিত দিচ্ছে, লড়াই শুধু রাজনৈতিক মঞ্চেই নয়, জনসমর্থনের ময়দানেও ক্রমশ তীব্র হচ্ছে।















