মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ‘পাপ’ বলে দাগিয়ে দিয়ে বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের হুঙ্কার দিলেন লকেট চট্টোপাধ্যায়। শনিবার মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পর্বে সামিল হয়ে তিনি দাবি করেন, এবার জনতা জনার্দনের আশীর্বাদ নিয়েই নবান্ন দখল করবে বিজেপি। লকেটের স্পষ্ট হুঁশিয়ারি, ‘দিল্লি থেকে বিদায় হয়েছে আপ, এবার বাংলা থেকে বিদায় হবে মমতা ব্যানার্জি নামক পাপ।’
এদিন মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে শক্তি প্রদর্শন করে মনোনয়ন জমা দিলেন চার বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর গুছাইত, শুভেন্দু সামন্ত, বিমান মাহাতো ও প্রদীপ লোধা। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ দাবি করেন, বাংলার মানুষ এবার পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন। হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করছে তৃণমূলের দিন শেষ। তাঁর অভিযোগ, এতদিন ভয় দেখিয়ে ভোট লুট হয়েছে।
তবে এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ করায় ‘তৃণমূলের গুণ্ডারা’ আর কিছুই করতে পারবে না বলে লকেট আশাপ্রকাশ করেন। মনোনয়ন শেষে চার প্রার্থীই মেদিনীপুরের মাটি থেকে ঘাসফুল উপড়ে ফেলার অঙ্গীকার করেন। তাঁদের দাবি, মানুষ এবার তৃণমূলকে ‘রাস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে’। উন্নয়নের লক্ষ্যে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করবেন সাধারণ ভোটাররাই। সব মিলিয়ে বর্ণাঢ্য মিছিল আর লকেটের চড়া সুর মেদিনীপুরের রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। লড়াই এবার সম্মুখ সমরে।















