ভারতের গা ঘেঁষে অস্ত্রাগার বানাচ্ছে চীন। সূত্রের তথ্য, গালওয়ান উপত্যকা থেকে ১১০ কিলোমিটার দূরে তিব্বতের প্যাংগং হ্রদের পূর্ব অংশের তীরে নির্মাণ কার্যক্রম পুরোদমে চলছে। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, একটি নতুন চীনা বিমান-প্রতিরক্ষা কমপ্লেক্স তৈরি হচ্ছে সেখানে, যার মধ্যে রয়েছে কমান্ড এবং নিয়ন্ত্রণ ভবন, ব্যারাক, যানবাহনের শেড, যুদ্ধাস্ত্র সংরক্ষণাগার এবং রেডার।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র তৈরি হয়েছে বলেও ধরা পড়েছে উপগ্রহচিত্রে। এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ অংশটি নিয়েই বিশেষ ভাবনার, তেমনটাই মত বিশেষজ্ঞদের। ইন্টেলিজেন্স অ্যানালিস্টদের মতে, চীনের দূরপাল্লার HQ-9 সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেমগুলি গোপনভাবে রক্ষণাবেক্ষণের জন্য তৈরি হচ্ছে বিশেষ জায়গা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-গোয়েন্দা সংস্থা অলসোর্স অ্যানালাইসিসের গবেষকরা প্রথম এই কাঠামো শনাক্ত করেছিলেন। তাঁরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে, ভারতের নিওমা বিমানঘাঁটির ঠিক বিপরীতে গার কাউন্টিতে এই কমপ্লেক্সের একটি প্রতিরূপও লক্ষ্য করেছিলেন।














