২০২৬-এর বিধানসভা ভোটের দামামা বাজতেই মেদিনীপুর চষে ফেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে শহরে দীর্ঘ পদযাত্রা করলেন তিনি। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টারে মেদিনীপুর কলেজ মাঠে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য মিছিল।
কলেজ মাঠ থেকে বটতলার চক হয়ে নতুন বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথ হাঁটেন তৃণমূল নেত্রী। রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। শঙ্খধ্বনি আর পুষ্পবৃষ্টির আবহে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মেদিনীপুরবাসী। পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন প্রার্থী সুজয় হাজরা ও মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। পা মেলান পুরপ্রধান সৌমেন খাঁন, যুব নেতা নির্মাল্য চক্রবর্তী, নেপাল সিংহ ও সন্দীপ সিংহ।
মিছিল শেষে কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিশেষ বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি দলীয় কর্মী-সমর্থকদের কাছে ডেকে নিয়ে বলেন, ‘একসাথে কাজ করার’ বার্তা। ভোটের মুখে নেত্রীর এই ঝটিকা সফরে মেদিনীপুরের জোড়াফুল শিবিরে বাড়তি অক্সিজেন এল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নেত্রীকে সামনে দেখে উচ্ছ্বসিত সাধারণ ভোটাররাও। মূলত জনসংযোগ আর সংগঠনকে সংহতির সুতোয় বাঁধাই ছিল এই পদযাত্রার মূল লক্ষ্য।















