Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ক্ষমতায় এলে এক বছরেই ঘাটাল মাস্টার প্ল্যান : শাহ

ক্ষমতায় এলে এক বছরেই ঘাটাল মাস্টার প্ল্যান : শাহ

বঙ্গ জয়ের লক্ষ্যে মেদিনীপুরের মাটি থেকে বড় প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাত্র এক বছরের মধ্যেই বহুল প্রতিক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ কার্যকর করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। শুক্রবার ডেবরা বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শুভাশিষ ওমের সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আকালপৌষ ময়দানের ওই মঞ্চ থেকে শাহ স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে কোনো বহিরাগত নয়, বরং ‘বাংলার ছেলে ও বাঙালি মুখ্যমন্ত্রীই’ রাজ্য পরিচালনা করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূল নেত্রীকে বিঁধে শাহের দাবি, মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়ে স্রেফ ‘মসকরা’ করছেন।

 

১৫ বছর ক্ষমতায় থাকলেও রূপনারায়ণ নদীর পলি তোলা বা ডেবরায় কংসাবতী নদীর ওপর সেতু নির্মাণের কোনো সদিচ্ছাই দেখায়নি বর্তমান সরকার। শাহ অভিযোগ করেন, ‘মাদ্রাসার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও একটাও স্কুল তৈরি করা হয়নি।’ তৃণমূল জমানায় শিল্পপতিরা রাজ্য ছেড়ে পালাচ্ছেন এবং বাংলা ‘বেকার তৈরির কারখানায়’ পরিণত হয়েছে বলে সরব হন তিনি। রাজ্যের মানুষের জন্য গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। তিনি জানান, বিজেপি সরকার গড়লে মহিলাদের মাসে ৩ হাজার টাকা এবং যুবকদেরও সমপরিমাণ ভাতা দেওয়া হবে। সরকারি কর্মচারীদের ডিএ প্রদান এবং বর্তমান ভাতার পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক ঢঙে শাহ বলেন, ‘দিদির রাজত্বে সিন্ডিকেট রাজ চলছে। বালি থেকে সিমেন্ট— সব জায়গাতেই সিন্ডিকেট।’ মমতার লক্ষ্য তাঁর ‘ভাতিজাকে’ মুখ্যমন্ত্রী করা, আর মোদীর লক্ষ্য দেশের উন্নয়ন— এই ভাষাতেই বিভাজন রেখা টেনে দেন তিনি।

 

অনুপ্রবেশ ইস্যু থেকে পুলওয়ামা— জাতীয় সুরক্ষার প্রসঙ্গও এদিন উঠে আসে শাহের ভাষণে। তাঁর কড়া হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে ‘চুন চুন করে বাংলা থেকে ঘুসপেটিয়াদের তাড়ানো হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছেন বলে দাবি করেন তিনি। দুর্নীতি ও সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খোলার বার্তা দেন শাহ। পানীয় জল ও রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল তৃণমূল নেতাদেরই উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের নয়। পরিশেষে, ২০২৬-এর নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

READ MORE.....