ভোটের আগে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লক। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ এক নম্বর ব্লকের বরুনহাট–রামেশ্বরপুর এলাকায়। এখানে প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম আয়োজন করেছিলেন তৃণমূলের বিজয়া সম্মেলনী। কিন্তু ঠিক তার মধ্যেই দলে শুরু হয়েছে বিভাজন।
জানা গিয়েছে, চলতি মাসের ১৯ তারিখে বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে নতুন সভাপতির নাম ঘোষণা করে তৃণমূল। হাসনাবাদ ১ নম্বর ব্লকের সভাপতি হন আনন্দ সরকার। এই ঘোষণার পর থেকেই দলের মধ্যে অশান্তি ছড়াতে শুরু করে। অভিযোগ, শনিবার রাতে আমিরুল ইসলামের আয়োজিত বিজয়া সম্মেলনীর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমিরুল ইসলামের ছবি-সহ ব্যানারগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়।
আমিরুল ইসলামের দাবি, নতুন সভাপতি হওয়ার পর থেকেই আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এই ব্যানার ছেঁড়া ঘটনা পরিকল্পিত। তাঁর অভিযোগ, আনন্দ সরকারের ঘনিষ্ঠদের দলই এই কাজ করেছে। যদিও আনন্দ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিরোধীদের কাজ। আমাদের দলে ঐক্য অটুট।
ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমিরুল ইসলাম হাসনাবাদ থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভোট যতই ঘনিয়ে আসছে, তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত যে তীব্র হচ্ছে, এই ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে।















