সোমবার পশ্চিম বর্ধমান জেলায় বেশ কিছু কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলে সভা শেষ করে ফের দুর্গাপুরের রাত্রিযাপন করেন।
সোমবার বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার। সোমবার আউশগ্রাম বিধানসভার প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার, গলসি বিধানসভার প্রার্থী অলোক কুমার মাঝি ও দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে কাঁকসার রঘুনাথপুর গ্রামের ফুটবল ময়দানে জনসভা করবেন মমতা। ময়দানের একপাশে সভাস্থল নির্মাণ করা হয়েছে। অন্য পাশে অস্থায়ী হ্যালিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেখানে হেলিকপ্টারে নেমেই সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই সভাস্থলের কাজ খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব সহ প্রশাসনিক আধিকারিকরাও বেশ কয়েকবার ঘুরে দেখেন।
সভা কে ঘিরে রবিবার থেকেই গোটা এলাকায় রয়েছে পুলিশের কড়া নজরদারি। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবদাস বক্সী জানিয়েছেন, আগামী ২৩ তারিখ ও ২৯ তারিখে দুই দফায় নির্বাচন হবে। সেই নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় সাধারণ মানুষ মমতার বার্তা শোনার জন্য হাজির হবেন। আউশগ্রাম সহ কাঁকসার বহু সাধারণ মানুষ সভায় যোগ দেবেন। যেভাবে কেন্দ্রের দ্বারা রাজ্য বঞ্চিত হচ্ছে, তারপরেও একের পর এক উন্নয়নমূলক প্রকল্প তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার সুবিধা পাচ্ছেন বাংলার মানুষ। সেই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি সকলের সামনে তুলে ধরবেন ও উন্নয়নের বার্তা দেবেন সভা মঞ্চ থেকে।













