পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের লোদনা ফুটবল মাঠে রবিবার এক বিশাল জনসভা থেকে উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং বিরোধীদের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বার্তা তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীন চন্দ্র বাগের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা যা বলি, তা করে দেখাই। নতুন করে বলার কিছু নেই—রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই করা হয়েছে’। তিনি দাবি করেন, মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার এবং আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। কৃষকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আলু চাষিদের জন্য বিমা ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে ফসল নষ্ট হলেও তাঁরা ক্ষতিগ্রস্ত না হন। ‘আলু নষ্ট হলে সরকার কিনে নেবে’—এই আশ্বাসও পুনর্ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি খেতমজুরদের জন্য বছরে চার হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে বলেও জানান, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা ভোটের সময় আসে, তারপর আর দেখা যায় না। বড় বড় কথা বলে, কিন্তু কাজ করে না।’ বন্যা পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকার বদলে বিজেপি নেতৃত্ব নিষ্ক্রিয় থাকে—এই অভিযোগও করেন তিনি। এ ছাড়া সামাজিক প্রকল্পগুলির সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব—আমরা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীসহ একাধিক প্রকল্প মানুষের উপকারে এসেছে’। আগামী দিনেও এই প্রকল্পগুলি চালু থাকবে এবং আরও উন্নয়নমূলক কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষের ভরসা ও আশীর্বাদই আমাদের শক্তি। তাই যারা শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু পালন করে না, তাদের থেকে সতর্ক থাকতে হবে’।
সভা থেকে এসআইআর ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন মমতা। বলেছেন, রাজনৈতিক বদলা হবে। ভিনরাজ্যে মাছ-মাংস নিষিদ্ধ করা নিয়েও সরব হন মমতা। স্লো ভোটিং, স্লো কাউন্টিংয়ের চক্রান্তের কথাও বলেন। রবিবার মধ্যরাত থেকে ‘অপারেশন’ হবে বলে চক্রান্ত করেছে বিজেপি—এমন অভিযোগও তোলেন মমতা। বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধীদের একটি ভোটও না দেওয়ার ডাক দেন মমতা। সভা ঘিরে খণ্ডঘোষ এলাকায় ছিল উৎসবের আমেজ, আর নির্বাচনের প্রাক্কালে এই জনসভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।













