নির্বাচনী আবহে চেকিং প্রক্রিয়াকে ঘিরে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের জনসভা থেকে তিনি দাবি করেন, তল্লাশির নামে বিভিন্ন জায়গায় মহিলাদের হেনস্থা করা হচ্ছে এবং তাঁদের ব্যক্তিগত মর্যাদায় আঘাত লাগছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, চেকিংয়ের সময় মহিলাদের ব্যাগ খুলে ব্যক্তিগত সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে, এমনকি ব্যবহৃত জিনিসপত্র টেনে বের করে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের এক বিধায়কের পরিবারও নাকি এই ধরনের ঘটনার শিকার হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার নামে এভাবে মহিলাদের সম্মানহানি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা শুধু অমানবিক নয়, ব্যক্তিগত পরিসরে অযাচিত হস্তক্ষেপও বটে’।
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, নিরাপত্তার নামে কেন সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের, ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি এই ধরনের আচরণের বিরুদ্ধে সরব হয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন তোলেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও বিরোধী দলগুলির তরফে এই অভিযোগ নিয়ে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি, তবে নির্বাচনের আগে এই ইস্যু যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা বলাই যায়।













