হামলার পর এবার উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর নিরাপত্তা ঘিরে জোরদার পদক্ষেপ নিল কেন্দ্র। সাংসদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটাগরি পর্যায়ে।আগে যেখানে মাত্র দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁর দায়িত্বে ছিলেন, এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন।সাংসদের বাড়ির আশপাশে নজরদারি আরও কঠোর করা হয়েছে।বাড়িতে কারও প্রবেশের আগে খতিয়ে দেখা হচ্ছে তার পরিচয়পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় তথ্য পর্যন্ত।
নিরাপত্তারক্ষীদের অনুমতি ছাড়া এখন আর কেউ খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে পারছেন না।শনিবার শিলিগুড়ির হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংসদ বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন।আপাতত তাঁকে কথা বলা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।চিকিৎসকদের পরামর্শে আগামী দিনে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে সাংসদকে উন্নত চিকিৎসার জন্য।
উল্লেখ্য, কয়েক দিন আগেই নাগরাকাটা পরিদর্শনের সময় জনতার মাঝে হঠাৎ আক্রমণের শিকার হন খগেন মুর্মু।সেই ঘটনার পর থেকেই তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল প্রশাসনের।অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাঁর জন্য জোরদার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।















