নবনির্বাচিত বিধায়কদের আইনসভায় কার্যকর ভূমিকা পালনের জন্য অভিমুখীকরণ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তাঁর মতে, প্রথমবার বিধানসভায় আসা সদস্যদের সংসদীয় রীতি, আলোচনায় অংশগ্রহণ এবং কার্যপ্রণালি সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণের বিশেষ প্রয়োজন রয়েছে। শুক্রবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। তিনি বলেন, “এ বার ১৮১ জন নতুন বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন।
আমার বিশ্বাস, এই অভিমুখীকরণ কর্মসূচি সফলভাবেই সম্পন্ন হবে।” নতুন সদস্যদের অভিজ্ঞতার ঘাটতির প্রসঙ্গ তুলে অর্জুন সিং বলেন, “অনেকেই প্রথমবার বিধানসভায় এসেছেন। কীভাবে বক্তব্য রাখতে হয় বা বিধানসভার কাজকর্ম কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে তাঁদের স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা কম। এই প্রশিক্ষণ সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে।”
মন্ত্রী আরও জানান, প্রয়োজনে নবীন বিধায়কদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরও সহযোগিতা করা হবে। তাঁর কথায়, “আমার কয়েক জন সহকর্মীকেও প্রয়োজন হলে সাহায্য করতে হবে। আধিকারিকেরাও সেই কাজে সহযোগিতা করবেন।” অর্জুন সিংয়ের মতে, এই কর্মসূচি শুধু নিয়মকানুন জানার মধ্যেই সীমাবদ্ধ নয়। “নতুন বিধায়করা এখানে নানা বিষয়ে শেখার সুযোগ পাবেন। ভবিষ্যতে বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার সময় সেই অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে,” বলেন তিনি। লোকসভা সচিবালয়ের গণতন্ত্র বিষয়ক সংসদীয় গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আইনসভায় দায়িত্ব পালনের জন্য আরও দক্ষ ও প্রস্তুত করে তোলা।














