দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভা এলাকায় রামনবমী উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ধর্মীয় উৎসবের আড়ালে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী অসিৎ হালদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের হসপিটাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার মতো কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে বিজেপি প্রার্থী অসিৎ হালদার রামের মূর্তি সামনে রেখে “জয় শ্রীরাম” ধ্বনি দিতে দিতে সমর্থকদের নিয়ে এলাকায় ঘোরেন। পাশাপাশি উচ্চস্বরে ডিজে মাইক বাজিয়ে প্রচার চালানো হয় বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান কাশীনাথ বেরা অভিযোগ করেন, নির্বাচন বিধি কার্যকর থাকার পরেও এভাবে উচ্চস্বরে ডিজে মাইক ব্যবহার করা স্পষ্টভাবে নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন। তিনি জানান, ঘটনাস্থলের খুব কাছেই একটি হাসপাতাল ও দুটি নার্সিংহোম রয়েছে। সেখানে রোগীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অথচ সেই বিষয়টি উপেক্ষা করেই উচ্চ শব্দে ডিজে বাজানো হয়েছে।
কাশীনাথ বেরা আরও প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন এই ধরনের কর্মকাণ্ডে বাধা দেওয়া হল না। তিনি বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হতে পারে।
অন্যদিকে বিজেপি প্রার্থী অসিৎ হালদার ও বিধানসভা নির্বাচন কনভেনার নন্দ বারুই এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, এটি সম্পূর্ণভাবে রামনবমীর ধর্মীয় উদযাপন ছিল, কোনও রাজনৈতিক প্রচার নয়। হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হওয়ায় ভক্তরা স্বতঃস্ফূর্তভাবেই আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি পালন করেছেন বলে জানিয়েছেন তারা।















