আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চলেছে জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতাল। আজ এই হাসপাতালের নতুন ইউনিটের উদ্বোধন করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ও রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের সেবাদানের জন্য এই হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন তিনি। হিন্দুধর্ম রক্ষাকারীদের কাছে এই হাসপাতাল ত্রাতার ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
এদিন জোকার এই হাসপাতালে পৌঁছে প্রথমেই স্বামী প্রণবানন্দজী মহারাজের আরতি করেন শুভেন্দু অধিকারী। এরপর হাসপাতালের একটি নতুন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উন্নত সরঞ্জাম-সহ ১৩টি শয্যাবিশিষ্ট একটি নিউরো আইসিইউ ইউনিট এদিন উদ্বোধন হয় হাসপাতালে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্রগুলি সরকারের কাছে আবেদন নয়, বরং নির্দেশ দেবে। একই মঞ্চ থেকে পূর্বতন সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, আগের সরকার ছিল দাম্ভিক এবং আইন মানত না। মুখ্যমন্ত্রীর আশ্বাস, বর্তমান সরকার কোনও বেআইনি কাজ করবে না এবং এই সরকারে কোনও আমিত্ব থাকবে না। তাঁর কথায়, এই সরকার হবে সম্পূর্ণভাবে জনগণের সরকার।
হিন্দুদের রক্ষায় ঠাকুর মহারাজের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত হওয়া মানুষদের সেবা দিয়েছে এই হাসপাতাল। তাঁর বক্তব্য, দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক হিংসায় বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন, যাঁদের জন্য সেই সময় সরকারি ও বেসরকারি হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সেই কঠিন পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সংঘই আক্রান্তদের পাশে দাঁড়িয়ে সেবাদান করেছিল বলে জানান মুখ্যমন্ত্রী। এই অবদানের কথা স্মরণ করেই এই হাসপাতালকে পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতালে রূপান্তরিত করতে রাজ্য সরকার সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি।














